বিশাখাপত্তনমে ‘মিলান’ নৌ-মহড়া, যোগ দিচ্ছে বাংলাদেশসহ বিশ্বের একাধিক দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলান’। এই মেগা ইভেন্টে অংশ নিতে ইতিমধ্যে ভারত মহাসাগরে জড়ো হয়েছে ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি এবং বাংলাদেশের যুদ্ধজাহাজ। সোমবার বাংলাদেশের নৌসেনার জাহাজ ‘বিএনএস সমুদ্র অভিযান’ বিশাখাপত্তনমে এসে পৌঁছেছে। এছাড়া থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার রণতরীগুলোও এই মহড়ায় যোগ দিচ্ছে।
প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নৌবহর পর্যালোচনা করবেন। মহড়ায় ভারতীয় নৌবাহিনীর ৪৫টি এবং ১৯টি বিদেশি জাহাজসহ মোট ৭১টি জাহাজ ও সাবমেরিন অংশ নেবে। ভারতের দেশীয় বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’ এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ। ১৯৯৫ সালে মাত্র চারটি দেশ নিয়ে শুরু হওয়া এই মহড়ার পরিধি বর্তমানে ৬৫টি দেশে বিস্তৃত হয়েছে।
কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সামরিক কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে ভারতের এই আমন্ত্রণকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা এবং বন্ধুপ্রতীম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই যৌথ মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

