বিশ্নোই গ্যাংয়ের নিশানায় এবার সলমনের ভগ্নিপতি, আয়ুষ শর্মাকে হুমকি মেলের তদন্তে চাঞ্চল্যকর তথ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
বলিউড সুপারস্টার সালমান খানের পরিবারের ওপর বিপদের ছায়া যেন কাটছেই না। লরেন্স বিশ্নোই গ্যাংয়ের লাগাতার হুমকির মাঝেই এবার নিশানায় এসেছেন অভিনেতার বোন অর্পিতা খানের স্বামী আয়ুষ শর্মা। সম্প্রতি তাঁকে একটি হুমকি-মেল পাঠানো হয়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে টিনসেল টাউনে। সালমানের বাবা সেলিম খান হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন পরিবারের ওপর এই নতুন হুমকিতে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার তদন্তে উঠে এসেছে যে, এই হুমকি-মেলটি একটি এনক্রিপটেড ‘প্রোটন মেল’ পরিষেবার মাধ্যমে সুইডেন থেকে পাঠানো হয়েছে। এই বিশেষ ধরনের ডিজিটাল বার্তা সাধারণ পদ্ধতিতে উদ্ধার করা সম্ভব নয়। তদন্তকারীরা ইতিমধ্যেই আয়ুষের আপ্তসহায়কের বয়ান রেকর্ড করেছেন এবং কয়েক কোটি টাকা দাবির বিষয়টি খতিয়ে দেখছেন। আন্তর্জাতিক যোগসূত্র মেলায় মুম্বই পুলিশ এখন সুইডেনের তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
বলিউড তারকাদের ওপর এই ধারাবাহিক হুমকির প্রেক্ষিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। চিঠিতে অভিনেতাদের নিরাপত্তা এবং জনবসতিপূর্ণ এলাকায় তৈরি হওয়া আতঙ্ক নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশি তৎপরতা বাড়ানো হলেও, এই বিষয়ে এখনও পর্যন্ত আয়ুষ শর্মার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

