লেটেস্ট নিউজ

বিশ্বকাপ ভেন্যু জট কাটাতে তৎপর জয় শাহ, আলোচনার কেন্দ্রে বাংলাদেশের কড়া শর্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ঘিরে তৈরি হওয়া জটিলতা নিরসনে রবিবার বিসিসিআই কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনড় অবস্থান এবং একের পর এক শর্তের পাহাড় টপকানোই এখন আইসিসি প্রধানের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ।

শুরুতে ভেন্যু বদল করে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দিলেও, বিসিবি এখন বিষয়টিকে ‘জাতীয় মর্যাদা’র লড়াই হিসেবে দেখছে। বিশেষ করে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং সমসাময়িক কিছু ঘটনা এই বিতর্কে ঘি ঢেলেছে। বাংলাদেশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে খেলতে এলে দলের প্রত্যেক সদস্যের জন্য ‘ম্যান-টু-ম্যান’ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ ও বোর্ড কর্তা— কাউকেই এই বলয়ের বাইরে রাখা চলবে না।

এই পরিস্থিতিতে জয় শাহকে দ্বিমুখী চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে। একদিকে বিসিসিআই-এর নিরাপত্তা ব্যবস্থার খতিয়ান খতিয়ে দেখা, অন্যদিকে বাংলাদেশের আত্মসম্মানে আঘাত না দিয়ে তাদের টেবিলে ফিরিয়ে আনা। ক্রিকেট মহলের মতে, বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপের কথা ভাবা আইসিসি-র পক্ষে আসাম্ভব। কারণ এতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইসিসি-র অভ্যন্তরীণ সমীকরণ বিগড়ে যেতে পারে।

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই লড়াইকে জাতীয় সম্মানের সঙ্গে জুড়ে দেওয়ায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে পড়েছে। ফলে জয় শাহকে এখন কেবল একজন দক্ষ প্রশাসক নয়, বরং একজন কুশলী কূটনীতিক হিসেবে অবতীর্ণ হতে হবে। নিরপেক্ষ অভিভাবক হিসেবে তিনি কীভাবে বাংলাদেশের আস্থা ফেরান এবং বিশ্বকাপের জট ছাড়ান, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *