লেটেস্ট নিউজ

বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ চাইনিজ তাইপের কাছে হেরে বিদায় নিল ভারতের মেয়েরা – এবেলা

এবেলা ডেস্কঃ

অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপে স্বপ্নভঙ্গ হলো ভারতের। মঙ্গলবার গ্রুপ পর্বের নির্ণায়ক ম্যাচে চাইনিজ তাইপের কাছে ১-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ভারতীয় মহিলা ফুটবল দল। এই হারের ফলে আসন্ন বিশ্বকাপে খেলার সুযোগও হাতছাড়া করলেন সঙ্গীতা বাসফোররা। একের পর এক হার এবং ফুটবল ফেডারেশনের বিতর্কিত কিছু সিদ্ধান্তে এখন উত্তাল দেশের ফুটবল মহল।

টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে ছিল না ভারত। প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে হার এবং দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে ১১ গোল হজমের পর কোয়ার্টার ফাইনালের অঙ্ক অত্যন্ত জটিল হয়ে দাঁড়িয়েছিল। শেষ আটে পৌঁছাতে হলে চাইনিজ তাইপেকে অন্তত ২ গোলের ব্যবধানে হারানো আবশ্যিক ছিল ভারতের জন্য। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই লড়াইয়ের প্রতিফলন দেখা যায়নি।

ম্যাচের ১২ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল খেয়ে পিছিয়ে পড়ে ভারত। তবে ৪০ মিনিটে মনীষার অনবদ্য ফ্রি-কিক দলকে সমতায় ফেরায়। স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ফের লিড নেয় চাইনিজ তাইপে। ৭৭ মিনিটে ভারতের গোলকিপার পান্থোই চানু ও সুইটি দেবীর মধ্যে সংঘর্ষের সুযোগ নিয়ে তৃতীয় গোলটি করে প্রতিপক্ষ। গুরুতর আহত হয়ে মাঠ ছাড়তে হয় ভারতীয় দুই ফুটবলারকে।

এই বিপর্যয়ের পর কাঠগড়ায় দাঁড়িয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টের ঠিক আগে কোচ বদল কেন করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। কোস্টারিকার অভিজ্ঞ কোচ অ্যামেলিয়া ভালভার্দেকে দায়িত্ব দেওয়া হলেও তিনি দলকে গুছিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পাননি বলে মনে করা হচ্ছে। এমনকি বিশ্বকাপের প্রস্তুতির সময় দলের জার্সি পৌঁছাতে দেরি হওয়ার মতো অব্যবস্থাপনাও সামনে এসেছে। সব মিলিয়ে মাঠের ব্যর্থতা ছাপিয়ে এখন ফেডারেশনের ভূমিকা নিয়েই জোরালো চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *