বিশ্বকাপের আগেই বড় ধাক্কা: ট্রাম্পের দেশের ‘আজব’ নিয়মে ভিসা বঞ্চিত ভারতের অনূর্ধ্ব-২৩ কুস্তিগিররা! – এবেলা

এবেলা ডেস্কঃ
১২ থেকে ১৮ অক্টোবর আমেরিকায় আয়োজিত হতে যাওয়া অনূর্ধ্ব-২৩ কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের অংশ নেওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। টুর্নামেন্টে ২৪ জনের ভারতীয় দল পাঠানোর কথা থাকলেও ভিসা ইন্টারভিউয়ের পর আচমকাই ৯ জন কুস্তিগিরকে ভিসা দিতে অস্বীকার করেছে মার্কিন দূতাবাস। ভিসা না পাওয়া খেলোয়াড়দের মধ্যে ২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়ন নেহা সাঙ্গওয়ানসহ মূলত ২০ বছরের কম বয়সি অ্যাথলিটরা রয়েছেন। এর পেছনে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও ‘আজব’ নিয়ম কাজ করছে বলে মনে করা হচ্ছে।
ভিসা বাতিলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মার্কিন দূতাবাস জানিয়েছে, আবেদনকারী কুস্তিগিরদের বয়স কম এবং তাঁদের নিজস্ব কোনো উপার্জন নেই। তবে ভারতের কুস্তি ফেডারেশন এই সিদ্ধান্তের তীব্র আপত্তি জানিয়ে পুনরায় পর্যালোচনার আর্জি জানিয়েছে। তাদের যুক্তি, তরুণ অ্যাথলিটদের ক্যারিয়ার মাত্র শুরু হওয়ায় এখনই উপার্জন আশা করা অসংগত। ট্রাম্প প্রশাসনের আশঙ্কা, বহু দেশ থেকে ভিসা নিয়ে এসে অনেকে আমেরিকায় স্থায়ীভাবে থেকে যান। এই কঠোর নীতির বলির পাঠা হয়েই এখন টুর্নামেন্টের ম্যাটে নামা নিয়ে গভীর সংশয়ে ভারতের তরুণ কুস্তিগিররা।
