বিশ্বকাপের সুপার এইটে ৬ দল, শেষ দুই স্থানের লড়াইয়ে টিকে রয়েছে ৬ দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব এখন চূড়ান্ত পর্যায়ে। মঙ্গলবার কানাডাকে হারিয়ে ষষ্ঠ দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আটটি দেশ। এখন মাত্র দুটি স্থানের জন্য গাণিতিক লড়াইয়ে টিকে রয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েটসহ মোট ছয়টি দল।
গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানের জন্য লড়াই চলছে পাকিস্তান, আমেরিকা ও নেদারল্যান্ডসের মধ্যে। পাকিস্তানের জন্য সমীকরণ সহজ— বুধবার নামিবিয়াকে হারালেই তারা সুপার এইটে পৌঁছাবে। তবে পাকিস্তান হারলে এবং নেদারল্যান্ডস ভারতকে বড় ব্যবধানে পরাজিত করতে না পারলে আমেরিকার সামনে সুযোগ তৈরি হবে। বর্তমানে ৪ পয়েন্ট ও ভালো রানরেট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান, তবে হারলেই তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে।
গ্রুপ ‘বি’-তে লড়াই আরও চমকপ্রদ। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের মধ্যে একটি দল যাবে পরবর্তী রাউন্ডে। মঙ্গলবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই জিম্বাবুয়ে সুপার এইটে উঠবে। জিম্বাবুয়ে জিতে গেলে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হয়ে যাবে। অজিদের টিকে থাকতে হলে নিজেদের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি জিম্বাবুয়ের হারের জন্য প্রার্থনা করতে হবে। উল্লেখ্য, গ্রুপ ‘সি’ ও ‘ডি’ থেকে ইতোমধ্যেই সবকটি দল নির্ধারিত হয়ে গেছে।

