বিশ্ববাজারে অস্থিরতা: পেট্রল রপ্তানি নিষিদ্ধ করল পুতিন সরকার – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যেই পেট্রল রপ্তানি বন্ধের ঘোষণা দিল রাশিয়া। ১ এপ্রিল থেকে আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে এই নির্দেশ দিয়েছেন। মূলত অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং জ্বালানির দাম স্থিতিশীল করতেই পুতিন সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘তাস’ জানিয়েছে, সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকে দেশের জ্বালানি পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়েছেন, দেশের বাজারে জ্বালানির দাম যেন কোনোভাবেই পূর্বাভাসের চেয়ে বৃদ্ধি না পায়। যদিও তেল পরিশোধনের হার বর্তমানে স্থিতিশীল এবং দেশে পর্যাপ্ত মজুত রয়েছে, তবুও বিশ্ববাজারের অস্থিরতা থেকে দেশীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখাই মস্কোর মূল লক্ষ্য।
রাশিয়া বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক হওয়ায় এই সিদ্ধান্তে বিশ্ববাজারে জ্বালানি হাহাকার আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যারা সরাসরি রুশ তেলের ওপর নির্ভরশীল, তাদের সমস্যা প্রকট হতে পারে। রুশ ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতিতে বিদেশের বাজারে প্রবল চাহিদা থাকা সত্ত্বেও নিজেদের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ চাহিদাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ক্রেমলিন।

