বিশ্ববাজারে জ্বালানি সংকট রুখতে রুশ তেল আমদানিতে বিশেষ ছাড়পত্র দিল ট্রাম্প প্রশাসন – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতকে দেওয়া সুযোগের পর এবার বিশ্বের সমস্ত দেশের জন্য সমুদ্রপথে আটকে থাকা রুশ তেল কেনার অনুমতি দিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, আগামী ৩০ দিনের জন্য এই বিশেষ ছাড়পত্র কার্যকর থাকবে। মূলত মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার ফলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শুধুমাত্র বর্তমানে সমুদ্রে ভাসমান রুশ জাহাজ থেকেই এই তেল সংগ্রহ করা যাবে।
মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টের মতে, বিশ্ববাজারে শক্তি সম্পদের জোগান স্বাভাবিক রাখতেই এই সাময়িক শিথিলতা। বর্তমানে প্রায় ১২ কোটি ৫০ লক্ষ ব্যারেল রুশ তেল বিভিন্ন জলপথে আটকে রয়েছে। এর আগে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ভারতের জন্য একই ধরনের অনুমতি দিয়েছিল। ভারত মহাসাগর ও সংশ্লিষ্ট জলসীমায় আটকে থাকা প্রায় ৯৫ লক্ষ ব্যারেল তেল সংগ্রহের সুযোগ পাওয়ায় স্থানীয় বাজারে জ্বালানি সংকট মোকাবিলা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
আমেরিকার এই সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেললেও রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সমালোচকদের মতে, বিভিন্ন দেশের আমদানি-রপ্তানি সংক্রান্ত বিষয়ে ওয়াশিংটনের এই নিয়ন্ত্রণ আমেরিকার ক্রমবর্ধমান আধিপত্যের প্রতিফলন। তবে মার্কিন প্রশাসনের দাবি, এই প্রক্রিয়ায় রাশিয়ার বিশেষ কোনো বাণিজ্যিক লাভ হবে না, বরং বিশ্বজুড়ে বাড়তে থাকা পেট্রল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখাই তাদের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট দেশগুলো আমেরিকার নিষেধাজ্ঞার ভয় ছাড়াই এই নির্দিষ্ট সময়ের জন্য রাশিয়ার তেল কিনতে পারবে।

