বিশ্ববাজারে জ্বালানি সংকটের মাঝেও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় চমক দিল আন্তর্জাতিক মুদ্রাভান্ডার – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশ্বজুড়ে ভূরাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্থিরতার মধ্যেও ভারতীয় অর্থনীতি অভূতপূর্ব স্থিতিশীলতা বজায় রেখেছে। আন্তর্জাতিক মুদ্রাভান্ডার তাদের অক্টোবর মাসের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার আগের ৬.৪ শতাংশের অনুমান ছাপিয়ে ৭ শতাংশে পৌঁছাতে পারে। শুধু তাই নয়, ২০২৭-২৮ অর্থবর্ষের জন্য পূর্বানুমান ৬.৭ শতাংশ থেকে বাড়িয়ে আগামী বছরেও প্রবৃদ্ধির হার ৭ শতাংশ হবে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। ফলে পর পর দুই বছর দেশের অর্থনৈতিক বিকাশের গতি অত্যন্ত শক্তিশালী থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আইএমএফ-এর মতে, বিশ্বব্যাপী মন্দার পরিস্থিতির মাঝে ভারতের অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীল চাহিদা এবং পরিষেবা খাতের শক্ত অবস্থান এই অভাবনীয় সাফল্যের মূল চালিকাশক্তি। যদিও ২০২৫-২৬ অর্থবর্ষের ৭.৮ শতাংশ বৃদ্ধির তুলনায় এটি সামান্য কম, তাও তা অন্যান্য বড় দেশের তুলনায় বেশ ইতিবাচক। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রাভান্ডার জানিয়েছে, চলতি অর্থবর্ষে বৈশ্বিক অর্থনীতির সার্বিক বৃদ্ধি ৩.১ শতাংশ এবং আগামী অর্থবর্ষে তা ৩.৪ শতাংশ হতে পারে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকবিলা করে ভারতের এই ধারাবাহিক অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনৈতিক সক্ষমতাকে নতুন করে তুলে ধরল।
