লেটেস্ট নিউজ

বিশ্ববাজারে স্বস্তি: জ্বালানি সংকট মোকাবিলায় ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ছে আইইএ – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া চরম জ্বালানি সংকট কাটাতে বড় পদক্ষেপ নিল ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সংস্থাটি তাদের জরুরি মজুত থেকে প্রায় ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে পেট্রোল ও ডিজেলের ঘাটতি মিটে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

আইইএ-র এক্সিকিউটিভ ডিরেক্টর ফাতিহ বিরোল জানিয়েছেন, নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে সদস্য দেশগুলো সর্বসম্মতিক্রমে এই বিপুল পরিমাণ তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ধাপে ধাপে এই তেল বাজারে আসবে। মূলত হরমুজ প্রণালীতে অচলাবস্থা এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই পদক্ষেপ তা প্রশমিত করতে সহায়ক হবে।

বর্তমানে আইইএ-র সদস্য দেশগুলোর কাছে ১.২ বিলিয়ন ব্যারেলের বেশি জরুরি তেলের মজুত রয়েছে। সংস্থাটির মূল লক্ষ্য হলো বৈশ্বিক জ্বালানি বাজারে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করে দামের অস্থিরতা নিয়ন্ত্রণ করা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ইন্ডিয়ান অয়েল-সহ বিভিন্ন সংস্থা। ভারতের মতো আমদানিনির্ভর দেশগুলোর জন্য এই ঘোষণা বিশেষ স্বস্তিদায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *