বিশ্বের দূষিত দেশের তালিকায় শীর্ষে পাকিস্তান, দূষিত শহরের তকমা পেল ভারতের লোনি – এবেলা
এবেলা ডেস্কঃ
সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার (IQAir) প্রকাশিত ২০২৫ সালের বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে পাকিস্তান। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বাতাসে পিএম ২.৫-এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে ১৩ গুণ বেশি। দূষিত দেশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বাংলাদেশ ও তাজাকিস্তান। গত বছরের শীর্ষে থাকা চাদ বর্তমানে চতুর্থ এবং ভারত ষষ্ঠ অবস্থানে রয়েছে।
দেশের নিরিখে পাকিস্তান শীর্ষে থাকলেও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে ভারতের মহারাষ্ট্রের লোনি। এই শহরের বাতাসে পিএম ২.৫-এর গড় মাত্রা ১১২.৫ মাইক্রোগ্রাম, যা স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চিনের হোটান শহর। উদ্বেগের বিষয় হলো, বিশ্বের সবচেয়ে দূষিত ২৫টি শহরের সবকটিই ভারত, পাকিস্তান ও চিনে অবস্থিত।
সমীক্ষায় অন্তর্ভুক্ত ১৪৩টি দেশের মধ্যে ১৩০টি দেশই বাতাসের গুণমান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। মাত্র ১৩টি দেশ, যার মধ্যে অস্ট্রেলিয়া, আইসল্যান্ড ও এস্তোনিয়া অন্যতম, স্বাস্থ্যকর বায়ুমান নিশ্চিত করতে পেরেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি ঘনমিটারে পিএম ২.৫-এর মাত্রা ৫ মাইক্রোগ্রামের কম থাকা প্রয়োজন, যা অধিকাংশ দেশই অর্জন করতে পারেনি। তবে লাওস ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো দূষণ রোধে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে।

