বিহারে বাঙালি বিজেপি কর্মীকে গণপিটুনি! মোদিরাজ্যে এ কেমন হেনস্থা? গর্জে উঠল তৃণমূল – এবেলা
এবেলা ডেস্কঃ
বিহারে মোদির সভা থেকে ফেরার পথে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি কর্মী সোমনাথ বর্মন। ভুলবশত কিষাণগঞ্জ স্টেশনে নেমে পড়লে তাঁকে ‘ছেলেধরা’ সন্দেহে বেধড়ক মারধর ও হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে হাতিয়ার করেই এবার সরাসরি বিজেপিকে বিঁধল তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের দাবি, বিজেপি শাসিত রাজ্যে একজন বিজেপি সমর্থকই যদি স্রেফ বাঙালি হওয়ার কারণে আক্রান্ত হন, তবে সাধারণ বাঙালির নিরাপত্তা কোথায়? সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতের ভিডিও শেয়ার করে ঘাসফুল শিবির প্রশ্ন তুলেছে, “ওরা আসলে বাংলা ও বাঙালিকে পছন্দ করে না।” কুমারগ্রামের ওই দিনমজুর কর্মীর ওপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
বিজেপি শাসিত বিহারে দলীয় কর্মীর এই লাঞ্ছনা নিয়ে তৃণমূলের কটাক্ষ, “বিজেপি ক্ষমতায় এলে আমবাঙালির কী পরিণতি হবে, তা এই ঘটনা থেকেই স্পষ্ট।” স্রেফ ভাষাগত পার্থক্যের কারণে একজন মানুষকে এভাবে গণপিটুনির শিকার হতে হওয়ায় সরব হয়েছে বাংলার শাসক দল।

