বীরভূমে বন্যার ভ্রূকুটি: ভাষা ব্রিজ জলের তলে, চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ – এবেলা

এবেলা ডেস্কঃ
টানা বৃষ্টি ও ময়ূরাক্ষী নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়ায় বীরভূমের সাঁইথিয়ায় ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর জলে সম্পূর্ণ ডুবে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ভাষা ব্রিজ’। সেতুর ওপর দিয়ে প্রবল বেগে জল প্রবাহিত হওয়ায় নিরাপত্তার স্বার্থে সব ধরনের যানবাহন ও পথচারী চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন।
নদী পারাপারের মূল সেতুটি জলমগ্ন হয়ে পড়ায় সাঁইথিয়ার সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। নিত্যদিনের যাতায়াত, স্কুল-কলেজ ও জরুরি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে তৈরি হয়েছে বড় বাধা। বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে গিয়ে সময় ও অর্থ—দুটোই অপচয় হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
প্রশাসন পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং নদী সংলগ্ন নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার সতর্কতা জারি করেছে। তবে আবহাওয়ার উন্নতি না হলে এবং ময়ূরাক্ষীর জল না কমলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।
