বুকিংয়ের ১৮ দিন পরেও মিলছে না রান্নার গ্যাস, ফোনের মেসেজ দেখেই মাথায় হাত গ্রাহকদের – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশজুড়ে রান্নার গ্যাসের পর্যাপ্ত জোগানের দাবি জানালেও বাস্তবে চূড়ান্ত সংকটের মুখে গ্রাহকরা। বুকিং করার ১৫ থেকে ১৮ দিন পেরিয়ে গেলেও মিলছে না এলপিজি সিলিন্ডার। গ্রাহকদের অভিযোগ, সিলিন্ডার হাতে না পেলেও ফোনে পৌঁছে যাচ্ছে ‘সাকসেসফুলি ডেলিভারড’ মেসেজ ও ওটিপি, যা নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ইন্ডিয়ান অয়েল— তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিরুদ্ধেই এক্স হ্যান্ডেলে অভিযোগের পাহাড় জমছে।
তেল সংস্থাগুলির দাবি, অনেকে প্রয়োজনের আগেই আতঙ্কিত হয়ে গ্যাস বুক করছেন, যার ফলে সরবরাহ শৃঙ্খলে সমস্যা তৈরি হচ্ছে। অন্যদিকে, ডিজিটাল ইন্ডিয়ার যুগেও সঠিক সময়ে পরিষেবা না পাওয়ায় কেন্দ্রের নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিনের ব্যবধানে বুকিংয়ের নিয়ম থাকলেও তা কার্যকর হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। সব মিলিয়ে প্রচারের চাকচিক্য আর বাস্তবের অভাবের মাঝে পড়ে দিশেহারা সাধারণ মধ্যবিত্ত।
