বৃষ্টির দিন কি শেষ নাকি ফের ভিজবে বাংলা, জেনে নিন আবহাওয়ার বড় আপডেট! – এবেলা

এবেলা ডেস্কঃ
নিম্নচাপের প্রভাব কাটলেও নতুন সপ্তাহের শুরুতেই আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল আলিপুর আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি বিদায় নিলেও এই সপ্তাহেও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহের প্রথম দুই দিন অর্থাৎ সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কেবল বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বৃহস্পতিবার দুই ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। এছাড়া শুক্রবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকবে।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও স্বস্তি মিলবে না ভ্যাপসা গরম থেকে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম বজায় থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও আপাতত আগামী চার দিন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রिकভাবে এই সপ্তাহে বড় কোনো দুর্যোগের আশঙ্কা না থাকলেও আংশিক মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টির মধ্য দিয়েই কাটবে বাংলার আবহাওয়া।
