বেআইনি নির্মাণে চরম শিক্ষক রাজ্য! এবার থার্ড পার্টি এজেন্সি অনুমোদন ছাড়া পাশ হবে না বিল্ডিং প্ল্যান – এবেলা

এবেলা ডেস্কঃ
তারাতলার মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে বেআইনি নির্মাণ রুখতে এবার আরও কড়া পথ অবলম্বন করছে রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে বাইরের কোনও নিরপেক্ষ বিশেষজ্ঞ সংস্থা বা ‘থার্ড পার্টি এজেন্সি’-র পরিষ্কার ছাড়পত্র (Clearance) না থাকলে কোনও বিল্ডিং প্ল্যান অনুমোদিত হবে না। সোমবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, ওই বিশেষজ্ঞ সংস্থার যাবতীয় খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট আবাসন বা বিল্ডিং নির্মাতাদেরই।
এর পাশাপাশি, সমস্ত বাণিজ্যিক ভবনের (Commercial Buildings) ক্ষেত্রে নিজস্ব পার্কিং লটের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রী জানান, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত যে সমস্ত বহুতল বা বাড়ি তৈরি হয়েছে, সেগুলি নিয়ে কোনও অভিযোগ জমা পড়লে সরকার তা খতিয়ে দেখবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করা হবে।
অনুমোদিত প্ল্যান বহির্ভূত নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অগ্নিমিত্রা পাল বলেন, “ফাউন্ডেশন তৈরি হয়েছে দু’তলা বিল্ডিংয়ের, অথচ তা বাড়িয়ে পাঁচ তলা করে দেওয়া হলে তো চলবে না! এভাবে আইন ভাঙলে কঠোর জরিমানা করা হবে।”
তিনি আরও জানান, ফায়ার ক্লিয়ারেন্স না থাকলে যেমন কাজের অনুমতি মেলে না, তেমনই পার্কিং লট না থাকলে বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখা হবে। বেআইনি নির্মাণ এবং অবৈধ পার্কিং আটকাতে প্রতিটি বিল্ডিংয়ে নজরদারি প্রয়োজন। থার্ড পার্টি এজেন্সির স্বাক্ষর ছাড়া এখন থেকে বিল্ডিং প্ল্যানের কাজ এক পা-ও এগোবে না এবং প্রতিটি পর্যায়ে তারা নজরদারি চালাবে।
