লেটেস্ট নিউজ

বেঙ্গালুরুতে বৃদ্ধকে বস্তাবন্দি করে কুরিয়ারের চেষ্টা, চাঞ্চল্যকর ঘটনার নেপথ্যে সমাজমাধ্যমের স্টান্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

বেঙ্গালুরুতে এক বৃদ্ধকে বস্তায় ভরে কুরিয়ার করার চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে ভ্যালিকাভাল এলাকার একটি কুরিয়ার অফিসে এক পরিবারের পাঁচ সদস্য একটি বিশাল বস্তা নিয়ে হাজির হন। বুকিংয়ের সময় বস্তার ভেতরে অস্বাভাবিক নড়াচড়া দেখে কর্মীদের সন্দেহ হয়। বস্তাটি খুলতেই দেখা যায়, ভেতরে এক বৃদ্ধ শ্বাসকষ্টে ভুগছেন। এই দৃশ্য দেখে হতবাক কর্মীরা প্রতিবাদ জানালে পরিবারটি তাঁদের অতিরিক্ত টাকার প্রলোভন দেখিয়ে জোরজবরদস্তি শুরু করে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কুরিয়ার কর্মীরা পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা সেখান থেকে চম্পট দেয়। পরবর্তীতে জানা যায়, গোটা বিষয়টি ছিল সমাজমাধ্যমের জন্য তৈরি একটি সাজানো ভিডিও বা ‘স্টান্ট’। মূলত উৎসবের মরসুমে বাস ও বিমানের টিকিটের অত্যধিক দাম বৃদ্ধির প্রতিবাদ জানাতেই তাঁরা এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছিলেন বলে দাবি করেছেন।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত পরিবারটি তাদের কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে জানিয়েছে, নিছক জনসচেতনতা তৈরির উদ্দেশ্যেই তারা এটি করেছিল। তবে এমন বিপজ্জনক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। ভবিষ্যতে কেউ যেন এ ধরনের প্রাণঘাতী স্টান্ট না করেন, সেই বার্তাও দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *