বেলডাঙা অশান্তি মামলায় ধুন্ধুমার কাণ্ড! ৩১ অভিযুক্তকে তোলা হলো এনআইএ আদালতে – এবেলা
এবেলা ডেস্কঃ
ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙা। গত জানুয়ারির সেই ভয়াবহ অশান্তির ঘটনায় এবার বড়সড় মোড় এল। এই মামলায় ধৃত ৩১ জন অভিযুক্তকে বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হলো কলকাতার বিচার ভবনের বিশেষ এনআইএ (NIA) আদালতে।
বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ধৃতদের সরাসরি নিয়ে আসা হয় বিশেষ আদালতে। উল্লেখ্য, এই স্পর্শকাতর মামলায় এখনও পর্যন্ত ৫ জন নাবালকসহ মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য পুলিশের হাত থেকে বর্তমানে এই মামলার তদন্তভার গ্রহণ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।
কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার বিশেষ আদালতে এখন মামলার শুনানি চলছে। ঘটনার নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ।

