লেটেস্ট নিউজ

বেলডাঙা কাণ্ড: অভিযুক্তদের সশরীরে হাজিরা নিশ্চিত করতে এনআইএ-র বিশেষ আবেদন

মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃত অভিযুক্তদের আদালতে হাজির করা নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার মধ্যে টানাপড়েন তুঙ্গে। বৃহস্পতিবার আদালতে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) অভিযোগ করেছে যে, পুলিশের অসহযোগিতার কারণে তদন্ত প্রক্রিয়া থমকে রয়েছে। পর্যাপ্ত পুলিশকর্মীর অভাবে রাজ্য এসকর্ট দিতে না পারায় এনআইএ নিজেরাই কেন্দ্রীয় বাহিনীর পাহাড়ায় অভিযুক্তদের বহরমপুর জেল থেকে কলকাতায় নিয়ে আসার অনুমতি চেয়েছে।

আদালতে এনআইএ-র আইনজীবী জানান, আগের নির্দেশ সত্ত্বেও অভিযুক্তদের পেশ না করায় তদন্তের অগ্রগতি ব্যাহত হচ্ছে। অন্যদিকে, জেলা পুলিশের দাবি, আইনশৃঙ্খলার একাধিক কাজে ব্যস্ত থাকায় প্রয়োজনীয় এসকর্ট দেওয়া সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে এনআইএ স্পষ্ট জানিয়েছে, আদালতের নির্দেশ পেলে তারা নিজস্ব নিরাপত্তার মাধ্যমেই সাতজন অভিযুক্তকে হেফাজতে নিতে প্রস্তুত।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গত জানুয়ারিতে রণক্ষেত্র হয়ে উঠেছিল বেলডাঙা। শিয়ালদহ-লালগোলা ট্রেন চলাচল ব্যাহত হওয়া সহ ব্যাপক হিংসার ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় এনআইএ। বর্তমান পরিস্থিতিতে অভিযুক্তদের জেরা করতে এবং হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে তাঁদের দ্রুত হেফাজতে পাওয়া জরুরি বলে মনে করছে কেন্দ্রীয় সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *