লেটেস্ট নিউজ

বেলডাঙাকাণ্ডে রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ এনআইএ

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কেন্দ্রীয় সংস্থার দাবি, সুপ্রিম কোর্ট এনআইএ তদন্তে সবুজ সংকেত দিলেও রাজ্য পুলিশ মামলার প্রয়োজনীয় কেস ডায়েরি হস্তান্তর করছে না। এই পরিস্থিতিতে তদন্ত প্রক্রিয়া থমকে থাকায় কলকাতা হাইকোর্টের জরুরি হস্তক্ষেপ চেয়েছে এনআইএ।

এর আগে নিম্ন আদালত আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ দিলেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এনআইএ-র আইনজীবী আদালতকে জানিয়েছেন যে, নথিপত্র না পাওয়ায় ঘটনার মূল তদন্ত শুরু করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ঝাড়খণ্ডে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল, যার প্রেক্ষিতে আদালত এনআইএ তদন্তের নির্দেশ দেয়।

আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে সুপ্রিম কোর্ট এই ঘটনায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) প্রয়োগ নিয়ে এনআইএ-কে একটি মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। রাজ্য পুলিশের ভূমিকা এবং কেস ডায়েরি সংক্রান্ত জটিলতা নিরসনে হাইকোর্ট কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট সব পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *