বৈষ্ণোদেবী দর্শন সেরে বাড়ি ফেরার পথে জীবন্ত দগ্ধ শিশুসহ একই পরিবারের ৫ জন!

রাজস্থানের অলবরে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বুধবার গভীর রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের পাঁচজন সদস্য। বৈষ্ণো দেবী দর্শন সেরে মধ্যপ্রদেশের শোহেপুরের বাড়িতে ফেরার পথে ঘটে এই বিভীষিকা। দ্রুতগতিতে চলা গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যাওয়ায় মুহূর্তের মধ্যে সেটি অগ্নিপিণ্ডে পরিণত হয়। ফলে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা বের হওয়ার কোনো সুযোগই পাননি।
গ্যাস লিক থেকেই কি বিপর্যয়
প্রাথমিক তদন্তে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, গাড়িটি পেট্রোল ও সিএনজি উভয় চালিত হওয়ায় কোনো যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস লিক হয়েছিল। চলন্ত অবস্থায় সেই গ্যাস থেকেই আগুনের সূত্রপাত ঘটে এবং নিমেষে পুরো গাড়িকে গ্রাস করে নেয়। চালক কোনোমতে গাড়ি থেকে লাফিয়ে জীবন বাঁচাতে পারলেও অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি জয়পুরের হাসপাতালে চিকিৎসাধীন।
শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত
লক্ষণগড় থানার পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে তিন মহিলা, এক পুরুষ ও এক শিশু রয়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মৃতদেহগুলো সম্পূর্ণ পুড়ে কঙ্কালসার হয়ে গিয়েছে, যার ফলে খালি চোখে শনাক্ত করা আসাম্ভব হয়ে পড়েছে। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে ডিএনএ টেস্টের মাধ্যমেই মৃতদের পরিচয় নিশ্চিত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। হাইওয়েতে সিএনজি চালিত যানবাহনের সুরক্ষা নিয়ে এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিল।
এক ঝলকে
- দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের অলবরে চলন্ত গাড়িতে আগুন লেগে শিশুসহ ৫ জনের মৃত্যু।
- মৃতরা সকলেই মধ্যপ্রদেশের বাসিন্দা এবং বৈষ্ণো দেবী দর্শন সেরে ফিরছিলেন।
- সিএনজি লিক হয়েই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা তদন্তকারীদের।
- মৃতদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নিচ্ছে রাজস্থান পুলিশ।
