লেটেস্ট নিউজ

বোরখা পরে কাঁধে বাঁক নিয়ে ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিলেন তামান্না – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : উত্তরপ্রদেশের সম্ভল জেলায় সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করলেন তামান্না মালিক নামে এক মুসলিম তরুণী। পরনে বোরখা এবং কাঁধে গঙ্গাজলের পবিত্র বাঁক নিয়ে হরিদ্বার থেকে প্রায় ১৭০ কিলোমিটার পথ অতিক্রম করে কানওয়ার যাত্রায় সামিল হলেন তিনি। মহাশিবরাত্রি উপলক্ষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্থানীয় খেমনাথ মন্দিরে শিবের মাথায় জল ঢাললেন এই তরুণী। পথে হিন্দু সংগঠনের কর্মী ও সাধারণ মানুষ ফুল ছিটিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

তামান্নার এই যাত্রার নেপথ্যে রয়েছে এক আবেগঘন কাহিনি। তিন বছর আগে পরিবারের অমতে আমন ত্যাগী নামে এক হিন্দু যুবককে বিয়ে করেছিলেন তিনি। সেই সময় তিনি মানত করেছিলেন যে, তাঁদের দাম্পত্য জীবন সুখের হলে তিনি কানওয়ার যাত্রায় অংশ নেবেন। বর্তমানে দুই সন্তানের জননী তামান্না তাঁর সেই মানত পূরণ করতেই এই কঠিন পথ পাড়ি দিয়েছেন। এই যাত্রায় তাঁর স্বামী আমনও ছায়ার মতো তাঁর সঙ্গে ছিলেন।

বোরখা পরে এই ধর্মীয় যাত্রায় অংশ নেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও তামান্না নিজের সিদ্ধান্তে অটল। তিনি জানান, বোরখা তাঁর নিয়মিত পোশাক এবং এতে অভ্যস্ত হওয়ার কারণেই তিনি এটি পরিবর্তন করেননি। তাঁর মতে, কিছু মানুষ বিতর্ক তৈরির চেষ্টা করলেও অধিকাংশ মানুষের ভালোবাসা ও সমর্থন তাঁকে মুগ্ধ করেছে। তামান্নার এই সাহসী পদক্ষেপ বর্তমানে উত্তরপ্রদেশসহ সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিশেষ বার্তা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *