লেটেস্ট নিউজ

বোর্ডের কর্মীর বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ, ধারাভাষ্য ছাড়লেন শিবরামকৃষ্ণন – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ ২৩ বছরের ধারাভাষ্য জীবনের ইতি টানলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। অবসরের ঘোষণা দিয়ে তিনি সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক অজ্ঞাতপরিচয় কর্মীর বিরুদ্ধে বৈষম্যের বিস্ফোরক অভিযোগ এনেছেন। শিবরামকৃষ্ণনের দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও গত দুই দশকে তাঁকে টস বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনার সুযোগ দেওয়া হয়নি।

সমাজমাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে, এই বঞ্চনার জন্য বিসিসিআই প্রশাসন বা বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ দায়ী নন। বরং বোর্ডের জনৈক কর্মীর ব্যক্তিগত আক্রোশ ও গায়ের রঙের কারণে তিনি ক্রমাগত বৈষম্যের শিকার হয়েছেন। রবি শাস্ত্রীর কোচ হওয়ার সময়কাল থেকে নবাগতদের অগ্রাধিকার দেওয়া হলেও তাঁকে অবজ্ঞা করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

শিবরামকৃষ্ণন জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে থাকা প্রকৃত সত্য প্রকাশ্যে এলে ক্রিকেট মহল স্তম্ভিত হয়ে যাবে। ১৭ বছর বয়সে ভারতের কনিষ্ঠতম টেস্ট অভিষেককারী হিসেবে নজির গড়া এই লেগ-স্পিনার দেশের হয়ে ২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৯৮৫ সালের ঐতিহাসিক বেনসন অ্যান্ড হেজেস কাপ জয়েও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *