ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতে বড় জয় মোহনলালের – এবেলা
এবেলা ডেস্কঃ
মালায়লাম সুপারস্টার মোহনলালের ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষায় ঐতিহাসিক রায় দিল আদালত। শুক্রবার আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতার অনুমতি ছাড়া তাঁর নাম, কণ্ঠস্বর, ছবি কিংবা ভিডিও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার করে তারকাদের ভুয়ো ছবি ও ভিডিও তৈরির প্রবণতা বাড়ায় নিজের সুরক্ষা নিশ্চিত করতে আইনের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
আদালতের এই রায়ের ফলে এখন থেকে মোহনলালের কোনো ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুমতিহীনভাবে ব্যবহার করা হলে তিনি আইনি ব্যবস্থা নিতে পারবেন। এর আগে অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই, সালমান খান ও সোনাক্ষী সিনহার মতো বলিউড তারকারাও নিজেদের ব্যক্তিত্বের অধিকার সংরক্ষণে আদালতের সুরক্ষা কবচ গ্রহণ করেছেন। মূলত তারকাদের ভাবমূর্তি রক্ষা এবং ডিজিটাল মাধ্যমে জালিয়াতি রুখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আইনি স্বস্তির মাঝেই মোহনলাল ভক্তদের জন্য রয়েছে আরও একটি খুশির খবর। আগামী ২১ মে মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩’। সম্প্রতি প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন সিক্যুয়েলটি ঘিরে ইতিমধ্য়েই অনুরাগী ও সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে।

