ব্যক্তির নয় জয়ধ্বনি হবে দলের, সোশ্যাল মিডিয়ায় ‘সস্তায় লাইক’ পেতে ব্যস্ত নেতাদের হুঁশিয়ারি অভিষেকের – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল রণকৌশল সাজাতে সোমবার মিলনমেলা প্রাঙ্গণে তৃণমূলের সোশ্যাল মিডিয়া কনক্লেভে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ‘ডিজিটাল যোদ্ধা’দের স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, ব্যক্তির প্রচার নয়, অগ্রাধিকার দিতে হবে দলকে। কোনো নির্দিষ্ট নেতার নামে জয়ধ্বনি না দিয়ে প্রতিটি ওয়ার্ড ও অঞ্চলের উন্নয়নমূলক কাজের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। সস্তায় লাইক বা শেয়ার পাওয়ার লোভে ব্যক্তিগত প্রচার চালানো নেতাদের বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেন তৃণমূলের এই সেকেন্ড-ইন-কমান্ড।
বিজেপির ‘মিথ্যার বেড়াজাল’ ভাঙতে তৃণমূলের ডিজিটাল সেনানীই প্রধান হাতিয়ার বলে উল্লেখ করেন অভিষেক। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দলের সোশ্যাল মিডিয়া টিমের কাজের প্রশংসা করেছেন। বিজেপিকে এক ইঞ্চি জমিও না ছাড়ার শপথ নিয়ে তিনি দলীয় কর্মীদের আগামী ১১০ দিন জানপ্রাণ দিয়ে লড়াই করার আহ্বান জানান। অভিষেক আরও মনে করিয়ে দেন যে, বিরোধীদের কুৎসা মোকাবিলায় কেন্দ্রের বঞ্চনা ও রাজ্যের সাফল্যই হবে তৃণমূলের তুরুপের তাস। লক্ষ্য স্থির করে অন্তত ২৫০টি আসনে জয়ের টার্গেট নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি।
