ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকের ভয় শেষ! RBI নিয়ে আসছে দুর্দান্ত ‘কিল সুইচ’ ফিচার – এবেলা

ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকের ভয় শেষ! RBI নিয়ে আসছে দুর্দান্ত ‘কিল সুইচ’ ফিচার – এবেলা

এবেলা ডেস্কঃ

ডিজিটাল প্রতারণায় ইতি টানতে আসছে আরজেআইর কুইক লক ব্যবস্থা

সাইবার জালিয়াতির ক্রমবর্ধমান প্রকোপ থেকে গ্রাহকদের অর্থ সুরক্ষায় যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। সাধারণ মানুষের ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক এবার ‘কিল সুইচ’ (Kill Switch) নামে একটি বিশেষ প্রযুক্তি চালু করার পরিকল্পনা করছে। সম্প্রতি প্রকাশিত আরবিআইয়ের বার্ষিক প্রতিবেদনে এই নতুন সুরক্ষা ব্যবস্থার কথা জানানো হয়েছে, যা ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এক ক্লিকেই সুরক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট

বর্তমানে কার্ডের ক্ষেত্রে বিশেষ সুবিধা থাকলেও ব্যাংক অ্যাকাউন্টের পুরো লেনদেন তাৎক্ষণিক বন্ধ করার তেমন কোনো সহজ উপায় নেই। নতুন এই কিল সুইচ প্রযুক্তির মাধ্যমে কোনো গ্রাহক তার অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন লক্ষ্য করলেই মাত্র একটি ক্লিকের মাধ্যমে সমস্ত ডেবিট লেনদেন সাময়িকভাবে স্থগিত করতে পারবেন। এর ফলে প্রতারকরা চাইলেও মুহূর্তের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিতে পারবে না। এই ব্যবস্থার পাশাপাশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে কোনো অপরিচিত ব্যক্তিকে বড় অঙ্কের অর্থ পাঠানোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা বা ‘টাইম-ল্যাগ’ থাকবে, যাতে লেনদেনটি প্রতারণামূলক প্রমাণিত হলে তা সম্পন্ন হওয়ার আগেই আটকে দেওয়া সম্ভব হয়।

এআই প্রযুক্তিতে বাড়বে ডিজিটাল সুরক্ষা

সাইবার অপরাধ দমনে রিজার্ভ ব্যাংক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক ‘ডিজিটাল পেমেন্টস ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’ (DPIP) চালু করতে যাচ্ছে। এই প্ল্যাটফর্ম প্রতিটি ডিজিটাল লেনদেনকে রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করবে এবং প্রতিটি লেনদেনের জন্য একটি নির্দিষ্ট রিস্ক স্কোর নির্ধারণ করবে। ফলে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক কার্যকলাপ ঘটলে তা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সহজ হবে। দেশে বর্তমানে অর্ধেকের বেশি সাধারণ নাগরিক এবং দুই-তৃতীয়াংশ ব্যবসায়ী ডিজিটাল লেনদেন ব্যবহার করছেন। এই নতুন নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হলে ডিজিটাল অর্থনীতির ওপর সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে এবং আর্থিক জালিয়াতির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *