ব্যাঙ্ক থেকে বিমা স্তব্ধ মালদহে! মোদী সরকারের বিরুদ্ধে কেন পথে নামল শ্রমিক সংগঠনগুলো?
কেন্দ্রীয় সরকারের শ্রমকোড বাতিল ও সমকাজে সমবেতনের দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো। তবে রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে বৃহস্পতিবার মালদহে পালিত হচ্ছে শিল্প ধর্মঘট। সিটু, এআইটিইউসি-সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা সকাল থেকেই মালদহ শহরের ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলোর সামনে পিকেটিং শুরু করেন। সরকারি ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের গেটে পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।
শিল্প ধর্মঘট সফল করতে জেলা সিটু সভাপতি প্রণব দাসের নেতৃত্বে সরব হন শ্রমিক নেতারা। বিদ্যুৎ আইন বাতিল ও কৃষি ঋণ মকুবের মতো একাধিক দাবিতে এদিন উত্তাল হয়ে ওঠে এলাকা। ধর্মঘটীদের দাবি, সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলন আরও তীব্র হবে। সকাল থেকেই পিকেটিংয়ের জেরে মালদহের বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হয়েছে, যা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

