ব্যাঙ্ক প্রতারণা মামলা: আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাবেন না অনিল আম্বানি
বহু কোটি টাকার ব্যাঙ্ক ঋণ প্রতারণা মামলায় বড় পদক্ষেপ নিলেন শিল্পপতি অনিল আম্বানি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, আদালতের পূর্ব অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যাবেন না। পাশাপাশি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সিবিআই-এর চলমান তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও শীর্ষ আদালতকে আশ্বস্ত করেছেন।
শিল্পপতির আইনজীবী মুকুল রোহতগি জানান, তদন্ত শুরু হওয়ার পর থেকে তাঁর মক্কেল দেশ ছাড়েননি এবং বর্তমানেও তাঁর বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা নেই। আগামী ২৬ ফেব্রুয়ারি ইডি-র তলব অনুযায়ী অনিল আম্বানি কেন্দ্রীয় সংস্থায় হাজিরা দেবেন। উল্লেখ্য, তাঁর সংস্থাগুলির বিরুদ্ধে প্রায় ৪০ হাজার কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ রয়েছে, যা নিয়ে বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সক্রিয় হয়েছে।
অন্যদিকে, এই মামলার তদন্তের ধীর গতি নিয়ে উষ্মা প্রকাশ করেছে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। ২০০৭-০৮ সালে বিষয়টি প্রকাশ্যে এলেও ২০২৫ সালে কেন এফআইআর দায়ের হলো, সেই প্রশ্ন তুলেছেন মামলাকারী ইএএস শর্মা। আদালত সিবিআই ও ইডি-কে আগামী চার সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

