ব্যাঙ্কিং জালিয়াতিতে লাগাম: সমবায় ব্যাঙ্কগুলির সুরক্ষায় বড় পদক্ষেপ অমিত শাহের, চালু হচ্ছে ২৪ ঘণ্টার SOC – এবেলা

এবেলা ডেস্কঃ
কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে সাইবার জালিয়াতি থেকে বাঁচাতে এবং সমবায় ব্যাঙ্কিং ক্ষেত্রকে আরও আধুনিক করতে একাধিক বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।
মুম্বইয়ের বিএসই ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত ‘সহকার নব-ক্রান্তি’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ জানান, ডিজিটাল লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে জালিয়াতির ঝুঁকিও বাড়ছে। তাই সমবায় ব্যাঙ্কগুলির নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারির জন্য একটি সিকিউরিটি অপারেশনস সেন্টার (SOC) চালু করা হচ্ছে। এই বিষয়ে ‘ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি’ (NFSU)-র সঙ্গে সহযোগিতার ওপর জোর দেন তিনি।
মুম্বইয়ে NUCFDC-র নতুন অফিস ও সদর দফতর স্থানান্তরের প্রস্তাব
অনুষ্ঠানে অমিত শাহ ‘ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন’ (NUCFDC)-এর নতুন অফিসের শুভ উদ্বোধন করেন। পাশাপাশি, এর সদর দফতর দিল্লি থেকে মহারাষ্ট্রে সরিয়ে আনার প্রস্তাব দেন তিনি। কারণ হিসেবে তিনি জানান, দেশের মোট সমবায় ব্যাঙ্কের প্রায় ৭০% রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, গোয়া ও কর্নাটকে। তাই মহারাষ্ট্রে দফতর থাকলে কাজের সুবিধা হবে।
প্রতি তহসিলে পৌঁছাবে পরিষেবা
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি তহসিলে আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কের (UCB) নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। এই কাজে NUCFDC একটি অভিভাবক সংস্থা বা ‘আমব্রেলা অর্গানাইজেশন’ হিসেবে কাজ করবে—যা ব্যাঙ্কগুলিকে প্রয়োজনীয় সফটওয়্যার, প্রযুক্তিগত সাহায্য, আরবিআই (RBI)-এর নিয়মকানুন মানার দিকনির্দেশ এবং কর্মীদের প্রশিক্ষণ দেবে।
ছোট ব্যাঙ্কগুলির জন্য ‘ব্যাঙ্ক ইন আ বক্স’
যেসব ছোট কো-অপারেটিভ ব্যাঙ্ক নিজস্ব প্রযুক্তিতে বিপুল টাকা খরচ করতে পারে না, তাদের জন্য ‘ব্যাঙ্ক ইন আ বক্স’ ব্যবস্থা চালু করার কথা জানান অমিত শাহ। এর মাধ্যমে ছোট ব্যাঙ্কগুলিও নামমাত্র খরচে কোর ব্যাঙ্কিং, ডিজিটাল পেমেন্ট ও ক্লাউড সুবিধার মতো আধুনিক পরিষেবা পেয়ে গ্রাহকদের বিশ্বমানের ব্যাঙ্কিং অভিজ্ঞতা দিতে পারবে।
