ব্যালট যুদ্ধে ভাগ্য নির্ধারণ: আজ বাংলাদেশের ঐতিহাসিক ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট!
বিগত সরকারের পতনের পর চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আজ দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে ‘গোলাপি ব্যালটে’ প্রথমবারের মতো ঐতিহাসিক গণভোটে অংশ নিচ্ছেন প্রায় পৌনে ১৩ কোটি ভোটার। আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই ২৯৯টি আসনে লড়ছেন ৫০টি দল ও স্বতন্ত্র মিলিয়ে ১৭৫৫ জন প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন।
নির্বাচন ঘিরে দেশজুড়ে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যসহ ৯ লাখেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ। প্রথমবারের মতো যুক্ত হওয়া তরুণ ভোটার ও পোস্টাল ব্যালট এবারের ফলাফলে বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংসদ নির্বাচন ও গণভোট—একই দিনে দুই ব্যালটে ভোট হওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে আগামীকাল শুক্রবার বিকেল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে কমিশন।

