ব্রিকস সম্মেলনের আগেই দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মোদীর সঙ্গে বৈঠকে কোন বড় চমক? – এবেলা

এবেলা ডেস্কঃ
আগামী ২১ থেকে ২৫ আগস্টের মধ্যে ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও, তার আগেই এই সফর ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, ব্রিকসের মতো বহুপাক্ষিক সম্মেলনের পার্শ্ববৈঠকে অংশ না নিয়ে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সমমর্যাদায় দ্বিপাক্ষিক আলোচনাতেই তিনি বেশি আগ্রহী। দুই দেশের সম্পর্ককে নতুন করে মসৃণ করা এবং সাম্প্রতিক তিক্ততা দূর করাই এই একক সফরের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
তবে এই সফর মোটেও কূটনৈতিক দিক থেকে সহজ নয়। বর্তমান বাংলাদেশ সরকারের ওপর চীন ও পাকিস্তানের সঙ্গে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি দেশের ভেতরের রাজনৈতিক ও ভারতবিরোধী জনমতের চাপও রয়েছে। তদুপরি সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত নানা বিতর্কের মুখে দাঁড়িয়েও ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা অত্যন্ত জরুরি। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, সমস্ত অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপ সামলে ভারতের সঙ্গে সমানে-সমানে বৈঠক করতেই তারেক রহমানের এই আগাম নয়াদিল্লি সফর।
