ব্রেন ডেড স্বামীর শুক্রাণু সংরক্ষণে স্ত্রীর অধিকার, যুগান্তকারী রায় হাইকোর্টের – এবেলা
এবেলা ডেস্কঃ
কেরল হাইকোর্ট এক নজিরবিহীন রায়ে ব্রেন ডেড স্বামীর শুক্রাণু সংরক্ষণের অনুমতি দিয়েছেন তাঁর স্ত্রীকে। বর্তমানে গুরুতর অসুস্থ ওই ব্যক্তি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন এবং চিকিৎসকরা তাঁকে ব্রেন ডেড ঘোষণা করেছেন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর সম্মতি নেওয়া সম্ভব না হলেও, ভবিষ্যতের মাতৃত্বের সম্ভাবনা রক্ষায় আদালত স্ত্রীর আবেদনে সাড়া দিয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, কোঝিকোড়ের একটি হাসপাতালে স্বীকৃত অ্যাসিসটেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি (ART) ক্লিনিকের মাধ্যমে এই শুক্রাণু সংগ্রহ ও ক্রায়োপ্রিজার্ভেশন বা হিমায়িত পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। মরণোত্তর প্রজনন প্রক্রিয়ার আইনি ও নৈতিক দিকগুলি বিবেচনা করে আদালত এই অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত গ্রহণ করেছে। লিকুইড নাইট্রোজেন ব্যবহার করে নির্দিষ্ট তাপমাত্রায় এই শুক্রাণু ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে।
আদালত স্পষ্ট জানিয়েছে যে, বর্তমান অনুমতিটি শুধুমাত্র শুক্রাণু সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রেই প্রযোজ্য। ‘অ্যাসিসটেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি অ্যাক্ট’ অনুযায়ী পরবর্তী কোনো পদক্ষেপ গ্রহণের জন্য আদালতের বিশেষ অনুমতির প্রয়োজন হবে। আগামী ৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, যেখানে এই বিষয়ের আইনি জটিলতাগুলো বিস্তারিত খতিয়ে দেখা হবে।

