ভবানীপুরে কর্মিসভায় ভোট প্রচারের শঙ্খনাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রবিবার ভবানীপুরে কর্মিসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করছেন। প্রার্থী তালিকা ও ইস্তাহার প্রকাশের পর আজ সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে এই সভার আয়োজন করা হয়েছে। বিধানসভা এলাকার কাউন্সিলর ও সাংগঠনিক নেতাদের উপস্থিতিতে নেত্রী আগামী দিনের ভোট কৌশল ও প্রচারের রূপরেখা নির্ধারণ করে দেবেন।
ঘরের মেয়ের জয়ের ব্যবধান রেকর্ড করার লক্ষ্যে ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগানকে সামনে রেখে এগোচ্ছে তৃণমূল। মমতা এদিন কর্মীদের বাড়ি বাড়ি প্রচার এবং বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণভাবে জনসংযোগের নির্দেশ দেবেন। এই সভার পরেই আগামী সপ্তাহ থেকে তিনি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও রায়গঞ্জসহ বিভিন্ন জেলায় ঝোড়ো সফরে বেরোবেন।
অন্যদিকে, তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর প্রচারের নির্ঘণ্ট চূড়ান্ত করেছেন। আগামী ২৪ মার্চ পাথরপ্রতিমা থেকে তিনি যাত্রা শুরু করবেন এবং ২৫ মার্চ বিশেষ গুরুত্ববাহী নন্দীগ্রামে সাংগঠনিক বৈঠক করবেন। মাসজুড়ে সন্দেশখালি, কাঁথি ও শীতলকুচির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সভা ও কর্মিসূচির মাধ্যমে দলের নির্বাচনী তৎপরতাকে তুঙ্গে নিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য।

