লেটেস্ট নিউজ

ভবানীপুরে মমতা, বেলেঘাটায় কুণাল: তরুণ ও নতুন মুখে জোর দিয়ে তৃণমূলের প্রার্থী তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজিয়ে কালীঘাটের নিজস্ব কার্যালয় থেকে প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী নিজে তাঁর পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই লড়াই করবেন। তালিকায় বড় চমক হিসেবে বেলেঘাটা থেকে কুণাল ঘোষ এবং কামারহাটি থেকে মদন মিত্রকে প্রার্থী করা হয়েছে। এছাড়া, প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে চাঁচল এবং এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণকে রাজগঞ্জ থেকে নির্বাচনী ময়দানে নামিয়ে চমক দিয়েছে শাসক দল।

এবারের তালিকায় ৪৭ জন সংখ্যালঘু এবং ৫২ জন মহিলা প্রার্থীকে জায়গা দেওয়া হয়েছে। অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যে বিশেষ গুরুত্ব দিয়ে ৪ জন প্রার্থীর বয়স রাখা হয়েছে ৩১ বছরের নিচে এবং ৩৮ জন প্রার্থীর বয়স ৩১ থেকে ৪০-এর মধ্যে। তারকা প্রার্থীদের মধ্যে অভিনেতা রাজ চক্রবর্তী ব্যারাকপুর থেকেই পুনরায় লড়বেন, তবে সোহম চক্রবর্তীর আসন বদল করে তাঁকে তেহট্টে পাঠানো হয়েছে। এছাড়া অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বরানগর থেকে প্রার্থী করা হয়েছে।

পাহাড়ের ৩টি আসন সহযোগী দল আনীত থাপার গোষ্ঠীর জন্য ছেড়ে দিয়ে বাকি ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা প্রকাশের পর তিনি নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করে একে বাংলার অস্মিতা রক্ষার লড়াই বলে অভিহিত করেন। টিকিট না পাওয়া সদস্যদের দলের অন্যান্য সাংগঠনিক কাজে লাগানো হবে বলে আশ্বস্ত করেছেন নেত্রী। ২০২৬-এর নির্বাচনে ২২৬-এর বেশি আসন পেয়ে জয়ের বিষয়ে তিনি দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *