ভয়াবহ কাণ্ড! পাঞ্জাবে ইয়েস ব্যাঙ্কের ভেতরে ঢুকেই লোন ম্যানেজারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি – এবেলা

এবেলা ডেস্কঃ
পাঞ্জাবের অমৃতসরে ইয়েস ব্যাঙ্কের একটি শাখায় ভয়াবহ গুলির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুরে ব্যাঙ্কের ভেতরে ঢুকে লোন ম্যানেজার গৌরবকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় এক দুষ্কৃতী। ঘটনার মূল কারণ হিসেবে উঠে এসেছে লেনদেন সংক্রান্ত তীব্র মতদ্বন্দ্ব ও বচসা। প্রত্যক্ষদর্শীদের মতে, দু-তিনজনের একটি দল ব্যাঙ্কে প্রবেশ করার পর লোন ম্যানেজারের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। তর্কাতর্কি একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে তাদের মধ্যে একজন আচমকা বন্দুক বের করে গৌরবকে গুলি করে বসে। রক্তাক্ত অবস্থায় ঢলে পড়েন ওই ব্যাঙ্ক কর্মী।
ঘটনার পরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় লোন ম্যানেজার গৌরবকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ গগনদীপ সিং জানিয়েছেন যে, এই অপরাধের পেছনে কারা রয়েছে তা শনাক্ত করতে ব্যাঙ্কের ভেতরের এবং চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হচ্ছে।
