ভাঙচুরের পর পুলিশের দ্বারস্থ হননি কেন? নীরবতা ভেঙে যা বললেন অনুব্রত মণ্ডল – এবেলা

এবেলা ডেস্কঃ
সিউড়ির দলীয় কার্যালয়ে হামলার ঘটনার পর অবশেষে পুলিশের ভূমিকা ও আইনি পদক্ষেপ না করা নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গত ৩০ সেপ্টেম্বর ওই কার্যালয়ে বসে থাকার সময় তাঁর উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর অভিযুক্তদের আটক করা হলেও লিখিত অভিযোগ না থাকায় পুলিশ তাঁদের ছেড়ে দেয়। শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে সিউড়ির কার্যালয়ে ফিরে কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নতুন পোশাক দেন অনুব্রত।
কেন তিনি এ বিষয়ে কোনো মামলা বা পুলিশি অভিযোগ দায়ের করলেন না, সেই প্রশ্নের জবাবে অনুব্রত স্পষ্ট জানান যে তিনি জীবনে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন না। এমনকি বাম আমলেও এমন ঘটনার জন্য তিনি আইনি পথে হাঁটেননি বলে দাবি করেন। তাঁর মতে, তিনি কোনো মামলায় বিশ্বাস করেন না। অন্যদিকে, এই ঘটনা সম্পূর্ণ সাজানো এবং নিরাপত্তা পাওয়ার জন্য অনুব্রতের নিজেরই করা—বিজেপির এমন অভিযোগকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে তিনি এটিকে সংবাদমাধ্যমের সৃষ্টি বলে মন্তব্য করেছেন।
