ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে নতুন থানা উদ্বোধনের প্রাক্কালে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে উত্তর কাশীপুর থানার পুলিশ বানিয়ারা গ্রামে গোপন অভিযান চালিয়ে ২৮টি তাজা বোমা ও একটি দেশি বন্দুক উদ্ধার করে। এই অস্ত্রগুলি বিপুল সামিম খাঁন নামে জনৈক আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
বুধবার বিজয়গঞ্জ বাজার থানার আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। তার ঠিক আগেই এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। গত কয়েকদিন ধরেই তৃণমূল নেতা খাইরুল ইসলামের ওপর হামলা এবং বিধায়ক শওকত মোল্লার কনভয়ে বোমা-গুলি চালানোর অভিযোগে উত্তপ্ত ছিল এলাকা। সেই অশান্তির রেশ কাটতে না কাটতেই এই ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
বর্তমানে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি চলছে চিরুনি তল্লাশি। ঘটনার পর থেকেই অভিযুক্ত আইএসএফ কর্মী পলাতক। পুলিশ এই ঘটনার নেপথ্যে কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

