লেটেস্ট নিউজ

ভাঙড়ে পরিত্যক্ত ঘরে ভয়াবহ বিস্ফোরণ, বোমা তৈরির অভিযোগে চাঞ্চল্য দক্ষিণ বামুনিয়া গ্রামে – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া গ্রামে গত বুধবার গভীর রাতে একটি পরিত্যক্ত ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ঘরে গোপনে বোমা তৈরির কাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে ভয়ের কারণে কেউ ঘটনাস্থলে যাওয়ার সাহস পাননি।

বৃহস্পতিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ওই এলাকায় গেলে আইএসএফের পঞ্চায়েত সদস্য আবুল খয়ের মোল্লা বাধার সম্মুখীন হন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, তাঁকে সেখানে ঢুকতে বাধা দেওয়ার পাশাপাশি মারধরও করা হয়েছে। ওই পঞ্চায়েত সদস্যের দাবি, ঘরটিতে একসঙ্গে অন্তত চারটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

এই বিস্ফোরণের ঘটনাটি পাইকপাড়ার স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিত্যক্ত ঘরটি ঘিরে রাখা হয়েছে। বোমা তৈরির উদ্দেশ্য কী ছিল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *