লেটেস্ট নিউজ

ভাড়াবাড়িতে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার: সুইসাইড নোটে বাড়িওয়ালার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার হরিদেবপুরের দাসপাড়ায় এক ভাড়াটে বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সন্ধ্যায় ঘর থেকে ৭২ বছর বয়সী বিকাশ দাস এবং তাঁর স্ত্রী বাসন্তী দাসের (৬৩) ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে দীর্ঘ ছয় মাসের বাড়ি ভাড়া বকেয়া থাকায় বাড়িওয়ালার ক্রমাগত মানসিক চাপের কথা উল্লেখ রয়েছে।

তদন্তে জানা গেছে, মৃত দম্পতি গত দুই বছর ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন। পেশায় আয়া বাসন্তীদেবী এবং জমি-বাড়ির দালাল বিকাশবাবু গত আট মাস ধরে চরম আর্থিক অনটনে ভুগছিলেন। উদ্ধার হওয়া নোটে অভিযোগ করা হয়েছে যে, বাড়ির মালকিন বুলা পাল ও তাঁর পরিবারের সদস্যরা ভাড়ার টাকার জন্য তাঁদের ওপর লাগাতার চাপ সৃষ্টি করছিলেন, যা তাঁদের আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে।

লালবাজার সূত্রের খবর, মৃতদের এক আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে বাড়িওয়ালার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করেছে হরিদেবপুর থানা। দেহ দুটি ময়নাতদন্তের জন্য এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে, তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *