ভারত বনাম ব্রাজিল: নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ল যুবভারতী, দর্শকদের জন্য কড়া নিয়ম পুলিশের – এবেলা

এবেলা ডেস্কঃ
আজ ৩ অক্টোবর, শনিবার। যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ভারত ও ব্রাজিল। এই ঐতিহাসিক ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। তবে শুধু উত্তেজনা নয়, দর্শকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট।
সবকিছু যাতে ঠিকঠাক থাকে, তা নিশ্চিত করতে গত কয়েকদিনে দফায় দফায় স্টেডিয়াম পরিদর্শন করেছেন শীর্ষ পুলিশ কর্তারা। বৃহস্পতিবার সল্টলেক স্টেডিয়ামে এক সাংবাদিক বৈঠকে বিধাননগর পুলিশ কমিশনার অমিত রাঠোর নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেন।
স্টেডিয়ামে ঢোকার আগে কড়া চেকিং: নিরাপত্তার খাতিরে এবার তিন স্তরের তল্লাশি ব্যবস্থা থাকছে। আপনার কাছে থাকা ডিজিটাল টিকিটও তিন দফায় পরীক্ষা করে তবেই ভিতরে প্রবেশের অনুমতি মিলবে। মূল ফটকে যাতে অতিরিক্ত ভিড় না হয়, তার জন্য ম্যাচ শুরুর অন্তত দু’ঘণ্টা আগে, অর্থাৎ বিকেল ৫টার মধ্যে দর্শকদের স্টেডিয়ামে পৌঁছে যাওয়ার কড়া পরামর্শ দিয়েছে পুলিশ।
কী কী নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ? কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক জিনিসের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন। একনজরে দেখে নিন সেই তালিকা:
- দেশলাই, লাইটার, সিগারেট বা যে কোনও দাহ্য পদার্থ।
- আতশবাজি এবং স্মোক ক্যান্ডেল।
- লেজার লাইট।
- যে কোনও ধারালো বস্তু।
- ব্যানার বা পোস্টার।
- বাইরের খাবার ও জলের বোতল।
- অ্যালকোহল বা মাদক জাতীয় দ্রব্য।
বাইরের খাবার ও জল নিষিদ্ধ হলেও দর্শকদের চিন্তার কোনো কারণ নেই। জানানো হয়েছে, স্টেডিয়ামের প্রতিটি গ্যালারিতেই পর্যাপ্ত পানীয় জল ও খাবারের ব্যবস্থা রাখা থাকবে। সব মিলিয়ে, ঐতিহাসিক ভারত-ব্রাজিল ম্যাচ যাতে শান্তিপূর্ণ ও সুরক্ষিত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্যই প্রশাসনের এই বিশেষ উদ্যোগ।
