ভারত ম্যাচ বয়কট নিয়ে চাপে পাকিস্তান, শেষ মুহূর্তে বদলাতে পারে সিদ্ধান্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
শনিবার থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ঘিরে নাটক থামেনি। নিজেদের অবস্থানে এখনও অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। তবে একাধিক সূত্রের দাবি, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে পারে তারা। এই সম্ভাবনার নেপথ্যে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (SLC) বিশেষ অনুরোধ। ভারত-পাক ম্যাচ না হলে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা—এই আশঙ্কা থেকেই পাকিস্তানকে ম্যাচ খেলতে অনুরোধ জানানো হয়েছে।
সূত্র অনুযায়ী, ম্যাচ বাতিল হলে ব্রডকাস্টিং রাজস্ব, আইসিসি থেকে প্রাপ্য আয়ের অংশ—সবেতেই বড় ধাক্কা খাবে শ্রীলঙ্কা ক্রিকেট, যার প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতেও। এই কারণেই দুই পাতার একটি চিঠি পাঠিয়ে PCB-র কাছে আবেদন করেছে SLC। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন PCB চেয়ারম্যান মহসিন নকভিও। জানা গিয়েছে, শ্রীলঙ্কা বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা সরাসরি নকভির সঙ্গে যোগাযোগ করেছেন। পাকিস্তানে ফিরে প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন নকভি। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে PCB। এখন নজর—শেষ মুহূর্তে কি পাল্টি খাবে পাকিস্তান?

