লেটেস্ট নিউজ

ভারতীয় পণ্যে বিপুল শুল্ক কমানোর ইঙ্গিত দিলেন মার্কিন সচিব, রুশ তেল কেনার পরিমাণ কমেছে – এবেলা

এবেলা ডেস্কঃ

রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ কমিয়ে দেওয়ায় ভারতের ওপর চাপানো বাড়তি শুল্ক অর্ধেক করতে পারে আমেরিকা। মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এর আগে ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনায় ওয়াশিংটন অসন্তুষ্ট হয়ে দুই দফায় মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিল। বেসেন্টের মতে, অতিরিক্ত শুল্কের ফলেই নয়াদিল্লি এখন রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে বাধ্য হয়েছে, যা মার্কিন কূটনীতির বড় জয়।

ভারত অবশ্য শুরু থেকেই আমেরিকার এই শুল্ক নীতিকে ‘অন্যায়’ ও ‘অযৌক্তিক’ বলে দাবি করে আসছিল। যদিও বেসরকারি ভারতীয় সংস্থাগুলো সম্প্রতি রুশ তেল কেনা কমিয়ে দিয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হওয়ায় তারা শুল্ক চাপানোর পথে হাঁটেনি, যাকে ‘মূর্খামি’ বলে কটাক্ষ করেছেন বেসেন্ট। মার্কিন প্রশাসনের এই নতুন ইঙ্গিত বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে বড় ধরনের স্বস্তি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *