ভারতে বড়সড় জঙ্গি নাশকতার ছক বানচাল, কলকাতা ও তামিলনাড়ু থেকে ধৃত ৭ বাংলাদেশি-সহ মোট ৮ – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশজুড়ে বড়সড় জঙ্গি হামলার ব্লুপ্রিন্ট ফাঁস করল দিল্লি পুলিশ। লস্কর-ই-তৈবার প্রশিক্ষিত জঙ্গি শাব্বির আহমেদ লোনের নির্দেশে ভারতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হয়েছিল। এই ঘটনায় পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু থেকে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে সাতজনই বাংলাদেশি নাগরিক। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রেইকি করার ভিডিও পাওয়া গিয়েছে।
তদন্তে জানা গেছে, ধৃতদের মধ্যে উমর ফারুক নামে পশ্চিমবঙ্গের এক বাসিন্দা রয়েছে, যে আদতে মালদার লোক হলেও কলকাতায় থাকত। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে রবিল উল ইসলাম নামে এক বাংলাদেশিকে এবং তামিলনাড়ু থেকে আরও ছয়জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পুলিশি সূত্রে খবর, ধৃতরা পাকিস্তানের আইএসআই (ISI) এবং বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর মদতে নাশকতার ছক কষছিল। এমনকি দিল্লি ও কলকাতার মেট্রো স্টেশনে উস্কানিমূলক পোস্টার লাগানোর পিছনেও এদের হাত রয়েছে।
এই মডিউলের মূল পাণ্ডা শাব্বির আহমেদ লোন ২০০৭ সালে ভারতে আত্মঘাতী হামলার চেষ্টাকালে ধরা পড়েছিল। জেল থেকে মুক্তি পেয়ে বর্তমানে সে বাংলাদেশ থেকে এই নেটওয়ার্ক পরিচালনা করছিল। ধৃত উমর ফারুক সম্প্রতি বাংলাদেশে গিয়ে শাব্বিরের সঙ্গে সরাসরি দেখাও করেছিল বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ভিডিও ফুটেজে অস্ত্র সংগ্রহের প্রমাণ মেলায় দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

