ভারতের বিশ্বজয়ের স্বপ্নে বাধা হতে পারে প্রোটিয়াদের এই ৪ ব্রহ্মাস্ত্র – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সেই কান্নাসিক্ত প্রোটিয়াদের মুখগুলো কি মনে আছে? রোহিত ব্রিগেডের হাতে হারের সেই ক্ষত এখনো দগদগে দক্ষিণ আফ্রিকার শিবিরে। ২০২৬ বিশ্বকাপের সুপার এইট পর্বে এবার ভারতের সামনে সেই প্রতিশোধের আগুন নিয়েই নামছে তারা। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে টিম ইন্ডিয়ার সামনে এখন সবথেকে বড় কাঁটা এই চার প্রোটিয়া ক্রিকেটার।
১. এইডেন মারক্রাম
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে দক্ষ। ৭৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ১,৮৫৮ রান। ১৪৮.১৬-এর বিধ্বংসী স্ট্রাইক রেটে ব্যাট করা এই ব্যাটারকে দ্রুত প্যাভিলিয়নে না ফেরাতে পারলে ভারতের কপালে দুঃখ আছে।
২. কুইন্টন ডি কক
অভিজ্ঞ এই ওপেনারের ব্যাটে রানের ধার যেন দিন দিন আরও বাড়ছে। ১০৬ ম্যাচে তাঁর সংগ্রহ ৩,০৩২ রান। উইকেটে একবার থিতু হয়ে গেলে ভারতীয় বোলারদের রাতের ঘুম কেড়ে নিতে পারেন তিনি। ১৯টি হাফসেঞ্চুরির পাশাপাশি রয়েছে দুটি শতরানও।
৩. কাগিসো রাবাডা
ভারতের টপ অর্ডার ব্যাটারদের জন্য সবথেকে বড় আতঙ্ক হতে পারেন কাগিসো রাবাডা। ৭৬ ম্যাচে ৮০টি উইকেট নেওয়া এই পেসারের গতির সামনে ভারতীয় ব্যাটাররা কতটা স্বস্তিতে থাকবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
৪. কেশব মহারাজ
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচে স্পিন ম্যাজিক দেখাতে তৈরি কেশব মহারাজ। ৪৬ ম্যাচে ৪৫ উইকেট নেওয়া এই স্পিনার মাঝের ওভারগুলোতে ভারতীয় ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। বরুণ চক্রবর্তীদের সাফল্যের পর প্রোটিয়া বাহিনীও এখন কেশবের ঘূর্ণিতেই ভরসা রাখছে।
সুপার এইটের এই হাইভোল্টেজ লড়াইয়ে এই চার ‘ব্রহ্মাস্ত্র’কে ভোঁতা করতে না পারলে ভারতের সেমিফাইনালের পথ কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়াবে।

