ভাষা দিবসের মঞ্চে মমতার পাশে অনন্ত মহারাজ, পেলেন ‘বঙ্গবিভূষণ’ সম্মান
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান গ্রহণ করলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। রাজবংশী সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ রাজ্য সরকার তাঁকে এই সম্মানে ভূষিত করেছে। দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশেই আসন ছিল তাঁর। রাজবংশী ভাষায় সংক্ষিপ্ত বক্তৃতার পর জরুরি কাজের দোহাই দিয়ে দ্রুত মঞ্চ ত্যাগ করেন এই রাজ্যসভা সাংসদ।
সম্মান গ্রহণ করলেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি বঞ্চনার ক্ষোভ উগরে দিয়েছেন অনন্ত মহারাজ। তিনি অভিযোগ করেন, দীর্ঘকাল ধরে রাজবংশীরা অবহেলিত এবং বিজেপি সাংসদ হওয়া সত্ত্বেও তাঁর সম্প্রদায়ের জন্য বিশেষ কিছু করা হয়নি। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপি নেতৃত্ব; একে কেবলই একটি সরকারি সম্মান প্রাপ্তি হিসেবেই দেখছেন তাঁরা।
সামনে বিধানসভা নির্বাচন, তার প্রাক্কালে বিজেপি সাংসদের এই অবস্থান পদ্মশিবিরকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছে। অতীতেও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎকে কেন্দ্র করে দলবদলের জল্পনা দানা বেঁধেছিল। সম্প্রতি কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার বিজেপি ত্যাগের পর অনন্ত মহারাজের এই পদক্ষেপ উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

