ভুটানের হিমবাহ হ্রদ ফেটে বিপর্যয়, জলস্ফীতির বড় আশঙ্কায় থমথমে বাংলা ও আসাম – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তর-পশ্চিম ভুটানের গাসা জেলায় হিমবাহ হ্রদ ফেটে ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। শিন্তাফু হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে নেমে আসা বিপুল জলের তোড়ে গাসা তশাচুর একাধিক ইমারত ধ্বংস হয়ে গিয়েছে। রাত নেমে আসায় ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও স্পষ্ট নয়, তবে নদীর জল অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। এই হিমবাহ হ্রদটি ভুটানের ১৭টি অতি বিপজ্জনক হ্রদের অন্যতম হিসেবে চিহ্নিত ছিল। আকস্মিক এই হড়পা বানের জল মফু নদী হয়ে দ্রুত নেমে আসছে সঙ্কোশ নদীর দিকে। ফলে গোটা অঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে ভারত-ভুটান সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও আসাম প্রশাসনকে সতর্ক করেছে ভুটান সরকার। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই দুই রাজ্যেই জারি হয়েছে চরম সতর্কতা। আসামের ধুবড়ি সহ পাঁচটি জেলা এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং পাহাড়ি এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। সঙ্কোশ নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কোচবিহার জেলা প্রশাসন। ব্রহ্মপুত্র ও সঙ্কোশ নদীর গতিপথে থাকা নদীপাড়ের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া জোরকদমে শুরু হয়েছে।
