লেটেস্ট নিউজ

ভুয়ো আইপিএস পরিচয়ে লক্ষাধিক টাকার জালিয়াতি, ওড়িশার যুবক গ্রেফতার – এবেলা

এবেলা ডেস্কঃ

অশোকনগরের এক তরুণীকে আইপিএস অফিসারের পরিচয় দিয়ে ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম জি কানহা পাত্র, যার বাড়ি ওড়িশায়। রবিবার অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। ধৃত যুবকের কাছ থেকে প্রতারণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পুলিশের উর্দি ও আইপিএস ব্যাচ লাগানো ছবি পোস্ট করে নিজেকে প্রভাবশালী হিসেবে জাহির করত ওই যুবক। ফেসবুকে পরিচয়ের সূত্রে অশোকনগরের ওই তরুণীকে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় সে। বিশ্বাস অর্জন করে দফায় দফায় তরুণীর কাছ থেকে মোট ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে শনিবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, ধৃত জি কানহা পাত্র এর আগেও একাধিক জালিয়াতির ঘটনায় জড়িত ছিল এবং আগেও পুলিশের জালে ধরা পড়েছিল। পেশাদার প্রতারক হিসেবে সে সুকৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। পুলিশ বর্তমানে এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে। সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির প্রলোভনে পা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *