‘ভুল করেছি, প্রায়শ্চিত্ত দরকার’, তারাতলা বিপর্যয়ে ব্যথিত প্রাক্তন কাউন্সিলরের তৃণমূল ত্যাগ – এবেলা

‘ভুল করেছি, প্রায়শ্চিত্ত দরকার’, তারাতলা বিপর্যয়ে ব্যথিত প্রাক্তন কাউন্সিলরের তৃণমূল ত্যাগ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: তারাতলা বিপর্যয়ের জেরে তৃণমূল কংগ্রেসে বড়সড় ধাক্কা। দলের ওপর ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে। তাঁর এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

কেন দল ছাড়লেন বিশ্বরূপ?

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১৪-তে পৌঁছেছে। এই মর্মান্তিক ঘটনা নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ওই গোডাউনের নকশা অনুমোদনে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর ছিল। পাশাপাশি, ক্যামাক স্ট্রিটের নির্দেশে পুরসভায় নিয়োগ হওয়া ফিরহাদের প্রাক্তন ওএসডি কালী এবং তারাতলা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে আসায় অস্বস্তিতে পড়েছে শাসক দল। এই সব তথ্য সামনে আসতেই বিশ্বরূপ দে জানান, তিনি আর তৃণমূলের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারছেন না।

ভিডিও বার্তায় ‘প্রায়শ্চিত্তে’র ডাক

দল ত্যাগের ঘোষণা করে একটি ভিডিও বার্তায় প্রাক্তন কাউন্সিলর আক্ষেপের সুরে বলেন, “তৃণমূলের গাফিলতিতেই তারাতলার এই বিপর্যয় ঘটেছে। শুধু তারাতলা নয়, গার্ডেনরিচের কথাও মনে পড়ছে। আমি এই দলের সঙ্গে আর যুক্ত থাকতে চাই না। এতদিন যা করেছি, তা ভুল ছিল। ভবিষ্যতে এর প্রায়শ্চিত্ত করতে হবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলেও উত্তর কলকাতায় তৃণমূলের একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্বরূপ। কিন্তু সেই সভা থেকে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর এই সিদ্ধান্তে দলের অন্দরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তারাতলা কাণ্ডে সিট (SIT) তদন্ত শুরু করার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর এই পদত্যাগ শাসক শিবিরের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *