ভুল চিকিৎসায় ছাত্র মৃত্যুর অভিযোগ: সিউড়ির বেসরকারি হাসপাতালে তালা, সাসপেন্ড স্বাস্থ্য দপ্তর – এবেলা

ভুল চিকিৎসায় ছাত্র মৃত্যুর অভিযোগ: সিউড়ির বেসরকারি হাসপাতালে তালা, সাসপেন্ড স্বাস্থ্য দপ্তর – এবেলা

এবেলা ডেস্কঃ

সিউড়িতে ভুল চিকিৎসায় দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যুর অভিযোগে বড় পদক্ষেপ করল স্বাস্থ্য দপ্তর। ওই বেসরকারি হাসপাতালের যাবতীয় কাজকর্ম ‘সাসপেন্ড’ করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে হাসপাতালের সমস্ত নথি ও চিকিৎসার তথ্য সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়ার পর পুলিশ হাসপাতালটি সিল করে দেয়।

ঘটনার সূত্রপাত: বীরভূম জেলা স্কুলের দশম শ্রেণির ছাত্র মৈনাক দাসকে রবিবার রাতে সিউড়ির একটি বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশনের ফলেই ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকেই চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ বাসিন্দারা হাসপাতালে ভাঙচুর চালান।

রাস্তায় নেমে বিক্ষোভ: মৈনাক দাসের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে মঙ্গলবার মৃতদেহ নিয়ে শহরের রাস্তায় বিক্ষোভ দেখান স্কুলছাত্র ও সাধারণ মানুষ। সিউড়ির বেণীমাধব মোড়ে রাস্তা অবরোধ করে প্রায় তিন ঘণ্টা ধরে বিক্ষোভ চলে।

প্রশাসনের পদক্ষেপ ও কৃষিমন্ত্রীর প্রতিক্রিয়া: পরিস্থিতির গুরুত্ব বুঝে আসরে নামে স্বাস্থ্য দপ্তর। মঙ্গলবারই হাসপাতালের সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। রাজনগরের একটি কর্মসূচি সেরে ফেরার পথে ওই বিক্ষোভে সামিল হন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলও। তিনি স্বাস্থ্যমন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কড়া আশ্বাস দিয়েছেন তিনি।

যদিও শুরু থেকেই মৃত ছাত্রের পরিবারের সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *