ভূমিকম্পে তছনছ ‘লগান’-এর সেই জায়গা! আমিরের ছবির নেপথ্যে লুকিয়ে এই গল্প – এবেলা

এবেলা ডেস্কঃ
২০০১ সালের ১৫ জুন মুক্তি পেয়েছিল আমির খানের সাড়া জাগানো ছবি ‘লগান’। কিন্তু এই সিনেমা মুক্তির মাত্র পাঁচ মাস আগে এক প্রাকৃতিক বিপর্যয় সবকিছু বদলে দিয়েছিল। গুজরাটের কচ্ছ জেলার ভুজের কাছে কুনারিয়া গ্রামে এই ছবির শুটিং হয়েছিল, যাকে পর্দায় ‘চম্পানের’ গ্রাম হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু সেই বছরের ২৬ জানুয়ারি ভয়াবহ ভূমিকম্পে গুঁড়িয়ে যায় পুরো শুটিং স্পটটি। বিপর্যয়ের পর সেখানে কেবল একটি বটগাছ আর ফাটল ধরা কুয়ো অক্ষত ছিল।
এই মর্মান্তিক ঘটনার পরও হাল ছাড়েনি ছবির পুরো টিম। ছবিতে খলনায়ক ক্যাপ্টেন রাসেলের ভূমিকায় অভিনয় করা পল ব্ল্যাকথর্ন ধ্বংসস্তূপের নানা ছবি ক্যামেরাবন্দি করেন। পরবর্তীতে লন্ডনে ‘বলিউড ব্যাকপ্যাক’ নামে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে সেই ছবিগুলো প্রদর্শন করা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল গুজরাটের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য তহবিল সংগ্রহ করা। সংগৃহীত সেই অর্থ পুরোপুরি ত্রাণকার্যে ব্যবহার করা হয়েছিল। অস্কারে মনোনীত হওয়া এই মাস্টারপিস ছবির সঙ্গে তাই আজও গুজরাটের সেই ভয়ংকর স্মৃতির ক্ষত ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে।
